সোমবার দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশ কার্যলয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন এসএমপি কমিশনার নিবাস চন্দ্র মাঝি। ছবি সুরমা টাইমস
সুরমা টাইমস রিপোর্টঃ অবশেষে সাংবাদিকদের মুখোমুখি হলেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার নিবাস চন্দ্র মাঝি। সাংবাদিকরা যে পুলিশ কমিশনারকে খোঁজে পাননি এতোদিন সেই কমিশনার সোমবার নিজেই সাংবাদিক ডেকে মতবিনিময় করেছেন। কথা বলেছেন সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ঈদ ও পুজায় পুলিশের পক্ষ থেকে নেয়া প্রস্তুতি নিয়ে।
মতবিনিময়কালে সম্প্রতি সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য রাজনৈতিক অস্থিরতা ও অপরাধের সাথে পুলিশের জড়িয়ে পড়াকে দায়ি করেন তিনি। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের নানা প্রশ্নবানে পড়েন পুলিশ কমিশনার। নেহার মার্কেটের স্বর্ণের দোকানে ডাকাতি ঘটনার পর পুলিশ কমিশনারের ভূমিকা নিয়ে মিডিয়া সরব হয়। এরপর তিনি মিডিয়ার সামনে আসতে বাধ্য হন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে সাংবাদিকদের সামনে এসে তিনি অধীনস্থদের উপর দায় চাপিয়ে নিজের ব্যর্থতা ঢাকার চেষ্টা করেছেন বলে মন্তব্য করেন উপস্থিত অনেক সাংবাদিক।
সিলেট মেট্রোপলিটন (এসএমপি) পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি কর্মস্থলে যোগদান করেই সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছিলেন। এসময় তিনি সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছিলেন। সিলেটে কিছু খারাপ পুলিশ কর্মকর্তা আছেন দাবি করে তিনি বলেছিলেন- এদেরকে চিহ্নিত করে বদিল করা হবে। এছাড়া সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনমাস পরপর সাংবাদিকদের সাথে মতবিনিময় করারও প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ওই মতবিনিময় সভার পরই তিনি মিডিয়াকে এড়িয়ে চলা শুরু করেন। সেই সাথে সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি ঘটতে থাকে।
তার যোগদানের পর সিলেটে পুলিশ বিরুদ্ধে নানা অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগও ওঠে। সন্ধ্যারাতে নগরীর জিন্দাবাজারে স্বর্ণের দোকানে লুটপাটের ঘটনা ঘটে। একের পর এক ছিনতাই হতে থাকে। প্রকাশ্যে দিবালোকে নগরীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ দিতে হয় বাটা কোম্পানির এক কর্মকর্তাকে।
একের পর এক ছিনতাই, রাহাজানি, ডাকাতির ঘটনায় আইনশৃঙ্খলা পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নিরাপত্তাহীন নগরবাসী আস্থা হারিয়ে ফেলেন পুলিশের উপর থেকে। সন্ধ্যারাতে দুর্র্বৃত্তরা জিন্দাবাজারের নেহার মার্কেটে সিরিজ বোমা ফাটিয়ে স্বর্ণের দোকানে লুটপাট করে।
এ ঘটনায় ডাকাতের ছোঁড়া গুলিতে মার্কেটের নৈশ্যপ্রহরী বাদশা মিয়া খুন হন। কিন্তু পুলিশ এ ঘটনার মূল রহস্য উদঘাটন করতে পারেনি। উপরন্তু এ ঘটনার পর পুলিশ নানা নাটকীয়তার আশ্রয় নেয়। ঘটনার রহস্য উদঘাটনে ব্যবসায়ীরা আন্দোলনে নামেন। পুলিশের প্রতি আল্টিমেটামও দেয়া হয়। কিন্তু পুলিশ বরাবরের মতো এ ঘটনায়ও ব্যর্থতার পরিচয় দেয়।

No comments:
Post a Comment