সুরমা টাইমস রিপোর্টঃ আশার বাণী পেলেন না সিলেটবাসী। আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুর স্বপ্ন পূরণের বিষয়টি এখনো ঝুলেই রইলো। সিলেট বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন শেষে আইসিসির প্রতিনিধি দলের সদস্যরা স্পষ্ট কোন ঘোষণা দিলেন না। কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করলেও এ মাসের শেষে দিকে আবারো এই স্টেডিয়াম পরিদর্শনে আসার ইঙ্গিত দিল আইসিসি প্রতিনিধি দল। তবে, আসন্ন টি টুয়েন্টি বিশ্বকাপের ভেন্যু হিসেবে সিলেট বিভাগীয় স্টেডিয়াম অভিষিক্ত হতে পারবে কি-না তা নিয়ে এ মাসের শেষে আগামী ২৭ অক্টোবর পঞ্চম দফা পরিদর্শন শেষে প্রতিবেদন দেয়া হবে বলে জানিয়েছেন আইসিসি’র ইভেন্ট ম্যানেজার ক্রিস টেটলি। সোমবার সকালে ৬ষ্ঠ দফায় সিলেট বিভাগীয় ষ্টেড়িয়াম পরিদর্শনে আসে আইসিসি প্রতিনিধি দল এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
আসন্ন টি টুয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু হিসেবে সিলেট স্টেডিয়ামের নির্মাণ কাজের অগ্রগতি দেখতে সোমবার সকাল সাড়ে ১০ টায় সিলেট বিভাগীয় স্টেডিয়ামে পৌছায় আইসিসি‘র প্রতিনিধি দল। ৮ সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন আইসিসির ইভেন্ট ম্যানেজার ক্রিস টেটলি। প্রতিনিধি দলটি ৪ ভাগে বিভক্ত হয়ে মাঠের উইকেট, মাঠ, নির্মাণাধীন গ্রান্ড স্ট্যান্ড, প্রেস-বক্স, গ্যালারি ও ফ্লাড লাইটসহ সবগুলো স্থাপনার নির্মাণের অগ্রগতি পুঙ্খানুপুঙ্খ পরিদর্শন করে। এ সময় প্রতিনিধি দলের সদস্যদের সাথে বিসিবির পরিচালক মাহবুব আনাম, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ এবং সিলেটের ক্রিকেট অঙ্গণের সাথে জড়িতরা উপস্থিত ছিলেন।
আইসিসির প্রতিনিধি দলে রয়েছেন- ইভেন্ট ম্যানেজার ক্রিস টেটলি, আইসিসি কর্মকর্তা ধিরাজ মালহোত্রা, টুলসা উডহাম, লারা রিচার্ডস, ইউগেন ভ্যান ভুরেন, ফিল বেট্স, জ্যামস ক্যামেরন ও এন্ডু রস।পরিদর্শন শেষে আইসিসির ইভেন্ট ম্যানেজার ক্রিস টেটলি সাংবাদিকদের বলেন, মাঠ ও স্টেডিয়ামের নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে আমরা সন্তুষ্ট। তবে, কিছু কাজ এখনো বাকী আছে। আশা করছি, তা শিগগিরই শেষ হবে। বিসিবিকে নির্ধারিত সময়ের মধ্যে কাজের যথাযথ অগ্রগতি হয়েছে। মাঠ এখন প্রায় প্রস্তুত। এ মাসের শেষের দিকে আমরা আবারো পরিদর্শনে আসবো। তারপর আমরা প্রতিবেদন দেবো। এরপর আইসিসি তাদের সিদ্ধান্ত জানাবে।
এদিকে, বিসিবি‘র কর্মকর্তা মাহবুব আনাম সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুর জন্য যে ধরনের অবকাঠামো প্রয়োজন। তার পুরোটাই ইতোমধ্যে সম্পাদন হয়েছে। সিলেট বিভাগীয় স্টেডিয়াম এখনই ক্রিকেট ভেন্যুর জন্য প্রস্তুত। যে কাজ বাকী আছে, তা নগণ্য। মাঠ গ্রহণের জন্য আইসিসি টিম আসলে, তা পুরোপুরি সম্পাদিত পাবে। এ অবস্থায় আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হিসেবে সিলেট বিভাগীয় স্টেডিয়ামের অভিষিক্ত হওয়ার পথে কোন বাধা নেই।
এক প্রশ্নের জবাবে মাহবুব আনান জানান, বাংলাদেশ সফররত নিউজিল্যান্ড দলের সাথে বাংলাদেশ টিমের একটি ম্যাচ সিলেটের এই বিভাগীয় স্টেডিয়ামে হওয়ার প্রস্তাব রয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য ম্যাচ রেফারীরা দুয়েক দিনের মধ্যেই মাঠ পরিদর্শন করবে। ম্যাচ রেফারীদের সম্মতি পেলে বাংলাদেশ সফররত নিউজিল্যান্ড টিম সিলেট বিভাগীয় স্টেডিয়ামে একটি ম্যাচ খেলতে পারে। সিলেট বিভাগীয় স্টেডিয়াম এখনই ক্রিকেট ভেন্যুর জন্য প্রস্তুত জানিয়ে তিনি বলেন,‘‘যে কাজ বাকি আছে, তা নগণ্য। মাঠ গ্রহণের জন্য আইসিসি টিম আসলে, তা পুরোপুরি সম্পাদিত পাবে।
আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হিসেবে গড়ে তোলার জন্য সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে সিলেট বিভাগীয় স্টেডিয়ামের সংস্কার কাজ শুরু হয়। গত ৩০ সেপ্টেম্বর ছিল ২০১৪ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যুগুলোর নির্মাণ ও সংস্কার কাজের শেষ দিন। তবে নির্ধারিত তারিখে সিলেট বিভাগীয় স্টেডিয়ামের নির্মাণ ও সংস্কার কাজ শেষ না হওয়ায় অতিরিক্ত ১৫ দিন আইসিসির কাছ থেকে চেয়ে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত ১ অক্টোবর আইসিসির মাঠ পরিদর্শক যখন সিলেট এসেছিল, তখন এই বাড়তি সময় চেয়ে নিয়েছিল বিসিবি। তখন ৩০ সেপ্টেম্বরের মধ্যে মাঠের বাকি কাজ শেষ না হওয়ার কারণ হিসেবে বিসিবি প্রতিকূল আবহাওয়াকে দায়ী করেছিল। নির্মাণ কাজ শুর্ব থেকে এখন পর্যন্ত আইসিসি‘র প্রতিনিধি দল ৪ দফা পরিদর্শন করেছে সিলেট বিভাগীয় স্টেডিয়াম। সর্বশেষ সোমবার সকালে স্টেডিয়াম পরিদর্শনে আসে আইসিসি‘র ৮ সদস্যের প্রতিনিধি দল।
সিলেট ভেন্যু নিয়ে আইসিসি সন্তুষ্ট, তবুও অপেক্ষা…
Monday, October 14, 2013
Labels:
# সুরমা টাইমস
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment