সুরমা টাইমস রিপোর্টঃ রাজনৈতিক দলের নেতারা নগরীর সবজি বাজার ও খেলার মাঠ দখল করে কোরবানীর পশুর অবৈধ হাট বসিয়ে টোল আদায়ের নামে চাদাবাজি করছেন। সিটি করপোরেশনের নিষেধাজ্ঞা অমান্য করে এসব হাট বসলেও প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না। নগরীর বিভিন্ন স্থানে পশুর অবৈধ হাট বসায় ক্ষোভ প্রকাশ করেছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। যানজট নিরসন ও নিউজিল্যান্ড ক্রিকেট দলের সিলেট সফরকে সামনে রেখে নগরীকে পরিচ্ছন্ন রাখতে অবৈধ সকল পশুর হাট উচ্ছেদে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
সিলেট সিটি করপোরেশন সূত্রে জানা যায়, প্রতিবছর নগরীর ভেতরে কাজিরবাজার ও মাছিমপুর কয়েদির মাঠে কোরবানীর পশুর হাট বসত। এবার নিউজিল্যান্ড ক্রিকেট দলের সিলেট সফরকে সামনে রেখে নগরীকে পরিচ্ছন্ন ও যানজটমুক্ত রাখতে পশুর হাটের জন্য কয়েদির মাঠ ইজারা দেয়া হয়নি। নগরীর রাস্তাঘাটে পশুর হাট না বসাতে সিটি করপোরেশনের পক্ষ থেকে নগরজুড়ে মাইকিংও করা হয়। কিন্তু সিটি করপোরেশনের নিষেধাজ্ঞা অমান্য করে নগরীর যত্রতত্র বসানো হয়েছে পশুর হাট। যুবলীগ, ছাত্রলীগের নেতারা মিলে এসব হাট বসিয়ে অবৈধভাবে টোল আদায় করছেন।
রবিবার সকালে নগরী ঘুরে দেখা যায়, মাছিমপুর কয়েদির মাঠ ও পার্শ্ববর্তী এলাকায় কোরবানীর পশুর হাট বসানো হয়েছে। মহানগর যুবলীগ নেতা আবুল কালাম এই হাট নিয়ন্ত্রণ করছেন। তার সাথে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের আরো কয়েকজন নেতা রয়েছেন। যুবলীগ নেতা আবুল কালাম জানান, সিটি করপোরেশনের কাছ থেকে তিনি হাটের কোন ইজারা নেননি। স্থানীয় লোকজনের সহযোগিতায় তিনি হাট বসিয়ে টোল আদায় করছেন।
কয়েদির মাঠের অদূরে সিলেটের সবজির সবচেয়ে বড় পাইকারী আড়ত সিলেট ট্রেড সেন্টার। ঈদকে সামনে রেখে ওই বাজারেও বসানো হয়েছে পশুর হাট। ওই হাটের নেপথ্যেও রয়েছেন আওয়ামীলীগ ও অংগসংগঠনের সাথে সম্পৃক্ত ব্যবসায়ীরা। সিলেট ট্রেড সেন্টার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি মো. কয়ছর আলী জানান, ঈদের সময় সবজি বাজারে ক্রয়-বিক্রয় কম হওয়ায় ব্যবসায়ীরা সবজির পরিবর্তে কোরবানীর পশু নিয়ে এসেছেন।
নগরীর শাহী ঈদগাহ খেলার মাঠে গিয়ে দেখা যায় ট্রাক দিয়ে সেখানে নামানো হচ্ছে গরু। ব্যবসায়ীদের সাথে আলাপ করে জানা যায়, স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতারা মিলে এখানে হাট বসিয়েছেন। উপজেলা পরিষদের মালিকানাধীন এই খেলার মাঠে পশুর হাট বসা প্রসঙ্গে সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ জানান, আদালতে মামলা থাকায় এবছর কোরবানীর পশুর হাটের জন্য মাঠটি ইজারা দেয়া সম্ভব হয়নি। স্থানীয় লোকজনের অনুরোধে মাঠে পশুর হাট বসানো হয়েছে। এই হাট থেকে অর্জিত আয় মাঠের উন্নয়নে ব্যয় করা হবে।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানান, অবৈধ হাট উচ্ছেদে তিনি পুলিশ প্রশাসনের সহযোগিতা চাইলেও তারা কোন উদ্যোগ নেয়নি। প্রশাসনের ছত্রছায়ায় এসব অবৈধ হাট বসেছে বলে অভিযোগ করেন তিনি।
প্রশাসনের ছত্রছায়ায় রাজনৈতিক নেতাদের পশুর হাট
Sunday, October 13, 2013
Labels:
# সুরমা টাইমস
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment