সিলেটে আবারও ছাত্রলীগ নেতাকে কোপালো শিবির

Sunday, October 13, 2013

Shibir-s-ligসুরমা টাইমস রিপোর্টঃ সিলেটের মদনমোহন কলেজ শাখা ছাত্রলীগ নেতা রাছেল আহমদ ওরফে চশমা রাছেলকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে শিবির ক্যাডাররা।রাছেল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তিনি কলেজে ছাত্রলীগের বিধান গ্রুপের সাথে সম্পৃক্ত বলে জানা গেছে। আহত রাছেলকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার রাত সাড়ে ১১ টায় কাজলশাহ এলাকায় মেডিনোভা ডায়গানস্টিক সেন্টারের সামনে বন্ধুদের নিয়ে রাস্তা দিয়ে হাঁটার সময় ছাত্রশিবিরের কয়েকজন ক্যাডার ধারালো দা-চাপাতি নিয়ে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি অরুণ দেবনাথ সাগর। তিনি জানান, লামাবাজারে চশমা রাছেল, রাছেল-২, ও জাবেরের ওপর শিবির ক্যাডাররা হামলা চালালে অন্যরা দৌঁড়ে পালিয়ে যেতে পারলেও চশমা রাছেল পাশ্ববর্তী একটি দোকানে আশ্রয় নেয়। শিবির ক্যাডাররা ওই দোকানে গিয়ে ধারালো দা, চাপাতি দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায় তাকে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঘটনার সময় ওই মেডিনোভার সামনে আড্ডারত ছিলেন রাসেল। এসময় ৩টি মোটরসাইকেলে ৬-৭ জন সশস্ত্র মুখোশধারী শিবির ক্যাডার অতর্কিতভাবে তার উপর হামলা চালায়। দুর্বৃত্তরা রাসেলকে কুপিয়ে গুরুতর জখম করে রাস্তায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করেন। রাতে তার শরীরে কয়েকদফা অস্ত্রোপচার করা হয়েছে। মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো. আয়ুব বলেন, রাসেলের অবস্থা খুবই সঙ্কটাপন্ন। তাকে বাঁচাতে প্রাণান্তর চেষ্ঠা চলছে।

লামাবাজার ফাঁড়ি পুলিশের ইনচার্জ মনির আহমদ জানান, লামাবাজার এলাকায় সাবেক কাউন্সিলর আব্দুল খালেকের বাসায় সামনেই এ ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাছেলকে শিবির কুপিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, চলতি বছর মদনমোহন কলেজের বেশ কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী শিবিরের হামলার শিকার হয়েছেন।গত বৃহস্পতিবার রাতেও শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি অঞ্জনকে কুপিয়ে আহত করেছে শিবির। ৬ মাস আগে কলেজ সভাপতি অরুণ দেবনাথ সাগরকেও কুপিয়ে মারাত্মক আহত করে শিবির ক্যাডাররা। তবে এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে শিবির। ‘ছাত্রলীগের অভ্যন্তরীণ’ কোন্দলকেই এসবের কারণ হিসেবে দাবি করে আসছে তারা।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License